দেশ – উৎসবের মরশুম শুরুর আগেই ফের বাড়ল গ্যাসের দাম। দুর্গাপুজোর বাকি আর ৪৬ দিন। তার আগেই মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। গত দু’মাস ধরে বাণিজ্যিক গ্যাসের দাম কমার পর এবার মাস পয়লায় ফের দাম বাড়ানো হল। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু ৯ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে।
তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর, গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত থাকছে।
একসময় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার টাকার নিচে ছিল। কিন্তু পরপর দাম বৃদ্ধির জেরে তা একসময় বেড়ে ৩২৫৫ টাকা ৫০ পয়সায় পৌঁছেছিল। পরে হরমুজ প্রণালীর পরিস্থিতির উন্নতি হওয়ায় বাণিজ্যিক গ্যাসের দাম কমাতে শুরু করে কেন্দ্র। আগস্ট মাসেই ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০৫ টাকা কমানো হয়েছিল।
সেই তুলনায় সেপ্টেম্বরের এই মূল্যবৃদ্ধির পরিমাণ অনেকটাই কম। দেশের প্রতিটি শহরেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু ৯ টাকা ৫০ পয়সা করে বাড়ানো হয়েছে। ফলে উৎসবের মরশুমে হোটেল, রেস্তরাঁ এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের রান্নার খরচ কিছুটা বাড়তে পারে।




















