রাজ্য – এসআইআর (Special Intensive Revision) সংক্রান্ত সমস্ত আবেদন এবার সরাসরি সুপ্রিম কোর্টে করতে হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ভোটার তালিকা সংক্রান্ত ট্রাইব্যুনালের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) সর্বসমক্ষে প্রকাশ এবং বিভিন্ন অভিযোগ নিয়ে বিচারবিভাগীয় হস্তক্ষেপ চেয়ে করা আবেদন খারিজ করেছে হাইকোর্ট।
মঙ্গলবার মধ্যরাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়। ওই তালিকায় মাত্র ১৩৬ জনের নাম অন্তর্ভুক্ত হওয়ায় বাকি আবেদনকারীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এই পরিস্থিতিতে আইনজীবী ঝুমা সেন জনস্বার্থ মামলা দায়ের করেন।
মামলাটির শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। প্রাথমিক পর্যবেক্ষণে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, এসআইআর সংক্রান্ত যেকোনও আবেদন এখন থেকে সুপ্রিম কোর্টেই করতে হবে। তাঁর যুক্তি, শীর্ষ আদালতের নির্দেশেই এই পুরো প্রশাসনিক প্রক্রিয়া পরিচালিত হচ্ছে এবং ট্রাইব্যুনালে বিচারপতিদের নিয়োগও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হয়েছে।
হাইকোর্ট আরও জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশেই তিনজন বিচারপতির একটি কমিটি গঠন করা হয়েছে এসওপি নির্ধারণের জন্য। সেই কাঠামোর বাইরে গিয়ে এই আদালত আর কোনও হস্তক্ষেপ করবে না বলেও স্পষ্ট করা হয়।
মামলাকারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রথম দফার ভোটের আগে এসআইআর প্রক্রিয়ায় প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি ১৯টি অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠন করা হলেও তাদের কার্যপদ্ধতি নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে বলেও দাবি করা হয়।
তবে সব দিক বিবেচনা করে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, বিষয়টির বিচারিক এখতিয়ার এখন সুপ্রিম কোর্টের অধীনেই থাকবে।



















