রাজ্য – কলকাতা হাইকোর্টে স্কুল শিক্ষক ও কর্মী নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে নিজেদের অবস্থান স্পষ্ট করল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার কমিশনের তরফে আদালতকে জানানো হয়েছে, ২০১৬ সালের বাতিল হওয়া বিতর্কিত নিয়োগপ্রক্রিয়া নতুন করে পরিচালিত হলেও এবার পুরনো বিধি অনুসরণ করা হবে না। ২০২৫ সালে তৈরি নতুন নিয়োগবিধি মেনেই আগামী দিনের নিয়োগ সম্পন্ন করা হবে। একইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখার কথাও জানানো হয়েছে।
বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে কমিশন জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে ২০২৫ সালে যে নতুন ও স্বচ্ছ নিয়োগবিধি তৈরি করা হয়েছে, তার ভিত্তিতেই ভবিষ্যতের সমস্ত নিয়োগ হবে। পুরনো ২০১৬ সালের বিধিতে ফিরে যাওয়ার কোনও প্রশ্ন নেই বলেও স্পষ্ট করেছে কমিশন।
তবে রাজ্য ও এসএসসির বক্তব্য শোনার পর নতুন নিয়োগবিধির কয়েকটি ধারা নিয়ে কমিশনকে সতর্ক করেছেন বিচারপতি অমৃতা সিনহা। ২০২৫ সালের বিধিতে বয়সসীমায় ছাড়, নতুন শূন্যপদ বৃদ্ধি এবং পরীক্ষায় নম্বর বণ্টনের মতো একাধিক সিদ্ধান্ত ইতিমধ্যেই আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে আদালত উল্লেখ করেছে।
এর মধ্যে সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে ওবিসি সংরক্ষণকে কেন্দ্র করে। ফলে নতুন নিয়োগবিধি মেনে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানালেও সংশ্লিষ্ট ধারাগুলির আইনি বৈধতা নিয়ে আদালতের নজরদারি অব্যাহত থাকবে।




















