রাজ্য – সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের পৃথক দুটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় রক্ষাকবচ পেলেও এখনও তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। সেই মামলাগুলিতে আগাম জামিন বা রক্ষাকবচ চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আবেদন করেছিলেন সুমিত। তবে তাঁর সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত।
এরপর শুক্রবার রাতে নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে যায় সিআইডি। সেখানে তাঁর হাতে সমনের নোটিস তুলে দেওয়ার চেষ্টা করা হলেও সুমিতের দেখা মেলেনি। শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের হাতে সমনের নোটিস দিয়ে ফিরে আসেন তদন্তকারীরা। শনিবার ভবানী ভবনে হাজির হয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলা হয়েছে।
শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের নাম জড়িয়েছে। ওই মামলার তদন্ত করছে সিআইডি। তদন্তের স্বার্থেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে সুমিত রায়ের অবস্থান এখনও স্পষ্ট নয়। রক্ষাকবচের আবেদন নিয়ে তিনি আইনজীবীর মাধ্যমে আদালতের দ্বারস্থ হলেও তদন্তকারীদের হাতে সরাসরি ধরা দেননি। এবার শনিবার তিনি ভবানী ভবনে হাজির হন কি না, সেদিকেই নজর রয়েছে।



















