নয়াদিল্লি: মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি (Smriti Irani)। রবিবার দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও তাদের সহযোগী দলগুলি একজোট হয়ে দেশের গণতান্ত্রিক পরিকাঠামোর উপর আক্রমণ চালাচ্ছে। ইতিমধ্যেই ইন্ডি জোটের কর্মসূচির পাল্টা হিসেবে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচি শুরু করেছে বিজেপি।
SIR নিয়ে কী বললেন স্মৃতি ইরানি?
এদিন SIR প্রসঙ্গে স্মৃতি ইরানি জানান, ১৯৫২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে মোট ১২ বার SIR হয়েছে। তাঁর দাবি, এর মধ্যে ১০ বার SIR চলাকালীন কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস সরকার।
এছাড়াও SIR প্রক্রিয়ায় ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার যে অভিযোগ উঠেছে, তাকে মিথ্যে ও অপপ্রচার বলে দাবি করেন তিনি। স্মৃতির বক্তব্য, খসড়া ভোটার তালিকা অনুযায়ী, প্রায় ৩ কোটি ভোটার মৃত, ১ কোটি ভোটারের নাম ডুপ্লিকেট, ৩ কোটি ভোটারের কোনও খোঁজ পাওয়া যায়নি এবং ৬ কোটি ভোটারের ঠিকানা পরিবর্তন হয়েছে।



















