কলকাতা — কালীপুজো ও দীপাবলিতে বহুতলের ছাদে শব্দবাজি ফাটানোর প্রবণতা রুখতে এবার আগাম সতর্ক কলকাতা পুলিশ। বহুতলের সদর গেটে তালা, বন্ধ লিফট, তারপর সারা রাত ধরে ছাদে শব্দবাজি ফাটানো—এমন ঘটনা ঠেকাতে প্রতিটি থানার ওসিকে আবাসিকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা।
শুক্রবার শহরের প্রত্যেকটি থানার ওসি ও পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার। পুলিশের দাবি, কালীপুজো ও দীপাবলির রাতে শহরের একাধিক বহুতলে লিফট বন্ধ করে দেওয়া হয়। সদর দরজা বা গেটে তালা লাগিয়ে ছাদে শুরু হয় শব্দবাজি ফাটানো। এমনকী, কে কত বেশি বাজি ফাটাতে পারেন, তা নিয়েও চলে প্রতিযোগিতা। এর ফলে আশপাশের এলাকার বাসিন্দাদের পাশাপাশি বহুতলের অন্যান্য বাসিন্দারাও সমস্যায় পড়েন। অনেকের আপত্তি থাকলেও পরিস্থিতির চাপে তাঁরা নীরব থাকেন।
এই ধরনের ঘটনা আটকাতেই বহুতলের বাসিন্দাদের আগাম সতর্ক করার পাশাপাশি তাঁদের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছে লালবাজার।
অন্যদিকে, অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে দমকলের সঙ্গেও সমন্বয় বাড়াচ্ছে পুলিশ। নতুন নির্দেশ অনুযায়ী, প্রতিটি ফায়ার স্টেশনে সংশ্লিষ্ট থানার কয়েকজন পুলিশকর্মী থাকবেন। কোথাও আগুন লাগলে দমকলের ইঞ্জিনের সঙ্গে পুলিশকর্মীরা গিয়ে দ্রুত রাস্তা চিনিয়ে ঘটনাস্থলে পৌঁছতে সাহায্য করবেন।
শব্দবাজি রুখতেও বাড়ানো হচ্ছে নজরদারি। শহরের অলিগলিতে তল্লাশি চালাতে একশোরও বেশি অটো এবং থানার বাইক ব্যবহার করবেন পুলিশ আধিকারিকরা। সব মিলিয়ে কালীপুজো ও দীপাবলিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ, অগ্নিকাণ্ড মোকাবিলা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ।




















