খেলা – একসময় দাপটের সঙ্গে ভারতীয় দলের অধিনায়কত্ব সামলেছেন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে কোচ রবি শাস্ত্রীর সঙ্গে জুটি ভারতীয় ক্রিকেটে বিশেষ প্রভাব ফেলেছিল। ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্যও পরিচিত ছিল কোহলি-শাস্ত্রীর জমানা। ভারতীয় দলে জায়গা পাওয়ার আগে ক্রিকেটারদের নিজেদের ফিটনেসের প্রমাণ দিতে হত, আর সেই কারণে একাধিক প্রতিভাবান ক্রিকেটারও সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া যুবরাজ সরাসরি কোহলি-শাস্ত্রী জুটির বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া সত্ত্বেও তাঁকে ভারতীয় দলে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল। ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো এই তারকার এমন মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে কোহলি-শাস্ত্রীর সময়ে ফিটনেসকে যে পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছিল, সেই নীতির কারণেই তাঁর মতো ক্রিকেটারকে কেন সুযোগ থেকে বঞ্চিত হতে হয়েছিল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন যুবরাজ। ফলে একসময় ভারতীয় ক্রিকেটে সফল জুটি হিসেবে পরিচিত কোহলি-শাস্ত্রীর ভূমিকা নিয়ে যুবরাজের এই অভিযোগ নতুন বিতর্কের জন্ম দিয়েছে।




















