দেশ – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৈরি করোনা ত্রাণ তহবিল PM CARES-এ বর্তমানে জমা রয়েছে ৮ হাজার ৪৫২ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষের অডিট রিপোর্ট প্রকাশ্যে এনেছে PM CARES কর্তৃপক্ষ। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তহবিলে প্রাথমিকভাবে জমা পড়া অর্থের একটি বড় অংশ বিভিন্ন ত্রাণমূলক কাজে খরচ করা হয়েছে। অবশিষ্ট অর্থের প্রায় ৯৩ শতাংশ ফিক্সড ডিপোজিটে রাখা হয়েছে এবং বাকি অর্থ বিভিন্ন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে রয়েছে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত PM CARES তহবিলে মোট জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৪৫২ কোটি টাকা। এর মধ্যে ৭ হাজার ৮৪৬ কোটি টাকা রয়েছে ফিক্সড ডিপোজিটে। তবে তাৎপর্যপূর্ণভাবে সাম্প্রতিক অর্থবর্ষে এই তহবিল থেকে খরচের পরিমাণ অনেকটাই কমেছে। ২০২৪-২৫ অর্থবর্ষে গোটা তহবিল থেকে মাত্র ৮৭ লক্ষ ৮৫ হাজার টাকা খরচ করা হয়েছে বলে অডিট রিপোর্টে উল্লেখ রয়েছে। পাশাপাশি PM CARES থেকে DRDO এবং NHAI-এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিভিন্ন প্রকল্পের জন্য অনুদান দেওয়া হয়েছিল। সেই অনুদানের মধ্যেও প্রায় ৩২৪ কোটি টাকা খরচ হয়নি। পরবর্তীতে সেই অব্যবহৃত অর্থ আবার PM CARES তহবিলেই ফিরে এসেছে। ফলে একদিকে তহবিলে জমা অর্থের পরিমাণ ৮ হাজার কোটি টাকার বেশি, অন্যদিকে সাম্প্রতিক অর্থবর্ষে খরচের পরিমাণ তুলনামূলকভাবে কম—অডিট রিপোর্ট প্রকাশ্যে আসার পর এই তথ্যই বিশেষভাবে নজর কেড়েছে।




















