রাজ্য – মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে আর্থিক প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে আইনি নোটিস পাঠাল ক্লাব কর্তৃপক্ষ। অভিযোগ, ক্লাবের আর্থিক সংকট দূর করার আশ্বাস দিয়ে যে চেক তিনি দিয়েছিলেন, তা বাউন্স করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার ফুটবল মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে প্রতিশ্রুত অর্থ পরিশোধ না করা হলে হুমায়ুন কবীরের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি—উভয় ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই তাঁকে আনুষ্ঠানিকভাবে আইনি নোটিস পাঠানো হয়েছে বলে দাবি ক্লাবের।
বাংলার রাজনৈতিক পরিবর্তনের পর মহামেডান স্পোর্টিংয়ের পরিচালন সমিতিতে বড়সড় রদবদল হয়। সেই সময়ই ক্লাবের সভাপতির দায়িত্ব দেওয়া হয় নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে। দায়িত্ব গ্রহণের পর তিনি ঘোষণা করেছিলেন, দীর্ঘদিনের আর্থিক সংকটে জর্জরিত ক্লাবের প্রায় ১৩ কোটি টাকার দেনা মেটাতে ব্যক্তিগত ও প্রশাসনিক স্তরে সবরকম সাহায্য করবেন।
তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ার আগেই চেক বাউন্সের অভিযোগ সামনে আসায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এখন ক্লাব ও সভাপতির মধ্যে আইনি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, যা ময়দানের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবকে ঘিরে নতুন জল্পনার জন্ম দিয়েছে।




















