কলকাতা – রবিবার ছুটির দিনে কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। চিৎপুরের নবাবপল্লি এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি রাসায়নিক কারখানায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং পাশের একাধিক কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘিঞ্জি বসতি এবং পাশাপাশি একের পর এক কারখানা থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা নিয়ে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েন দমকলকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ নবাবপল্লির ওই বন্ধ রাসায়নিক কারখানায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই কারখানা থেকে লেলিহান আগুনের শিখা বেরিয়ে আশপাশের কয়েকটি কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন ও কালো ধোঁয়া দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
খবর পেয়ে প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভানোর কাজে বাধার মুখে পড়তে হয় দমকলকর্মীদের। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পরে আরও ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার মধ্যে মোট ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে এবং যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু হয়।
অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। আগুন কীভাবে লাগল, বন্ধ কারখানায় রাসায়নিক মজুত ছিল কি না এবং ঘটনায় কোনও হতাহত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও পরিষ্কার হবে।




















