রাজ্য – প্রত্যন্ত গ্রামের অলিগলি থেকে শহরের প্রান্তিক এলাকা— সর্বত্র পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রের ‘জল জীবন মিশন’ প্রকল্প এবার পশ্চিমবঙ্গে পূর্ণমাত্রায় বাস্তবায়িত হতে চলেছে। পাশাপাশি ‘নমামি গঙ্গে’ প্রকল্পের আওতায় গঙ্গা পরিষ্কার রাখার কাজেও নতুন গতি আসবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সমাজমাধ্যমে বৈঠকের ছবি পোস্ট করে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভাবনার প্রতিফলন হল ‘জল জীবন মিশন’, যার মূল উদ্দেশ্য রাজ্যের প্রতিটি পরিবারে নিরাপদ ও পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছিল। তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবে এই প্রকল্পগুলিকে গতিহীন করে রাখা হয়েছিল এবং প্রকল্পগুলির কৃতিত্ব নিজেদের নামে নেওয়ার চেষ্টাও করা হয়েছিল।
তিনি আরও জানান, ‘জল জীবন মিশন’, ‘নমামি গঙ্গে’ এবং ‘জলশক্তি অভিযান’-এর মতো কর্মসূচিগুলি শুধু পশ্চিমবঙ্গের উন্নয়নেই নয়, জাতীয় স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পগুলির সফল বাস্তবায়ন পরিবেশ সংরক্ষণ, জলসম্পদ ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে ‘জল জীবন মিশন’-এর দ্বিতীয় পর্যায়ের জন্য সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষর করেছে রাজ্য সরকার। এর ফলে পশ্চিমবঙ্গ প্রায় ৩৯ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা পাবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, প্রকল্পগুলির বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই দ্রুতগতিতে শুরু হয়ে গিয়েছে এবং আগামী দিনে এর সুফল রাজ্যের সাধারণ মানুষ সরাসরি অনুভব করবেন।




















