রাজ্য – জোকার ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাসপাতালের নতুন ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, খুব শীঘ্রই এই হাসপাতাল আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবে। একই সঙ্গে ধর্ম রক্ষা করতে গিয়ে আক্রান্ত ব্যক্তি এবং রাজনৈতিক হিংসার শিকার মানুষের চিকিৎসা ও সেবায় হাসপাতালের ভূমিকার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কঠিন সময়ে ভারত সেবাশ্রম সংঘের এই হাসপাতাল বহু মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে ধর্মীয় কারণে আক্রান্ত এবং রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই অবদানের জন্য ভারত সেবাশ্রম সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিন জোকার হাসপাতালে পৌঁছে প্রথমে স্বামী প্রণবানন্দজী মহারাজের আরতিতে অংশ নেন মুখ্যমন্ত্রী। এরপর হাসপাতালের নতুন নিউরো আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন। আধুনিক চিকিৎসা সরঞ্জাম-সমৃদ্ধ ১৩ শয্যার এই ইউনিট চালু হওয়ায় উন্নত স্নায়ুরোগ চিকিৎসা পরিষেবা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আধ্যাত্মিক আন্দোলনের কেন্দ্রগুলি সরকারের কাছে আবেদন করবে না, বরং প্রয়োজনীয় বিষয়ে সরকারকে নির্দেশ দেওয়ার নৈতিক অধিকার রাখে। একই সঙ্গে তিনি পূর্ববর্তী সরকারের সমালোচনা করে দাবি করেন, আগের সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল না। বর্তমান সরকার কোনও বেআইনি কাজ করবে না এবং ব্যক্তিকেন্দ্রিক নয়, জনগণের সরকার হিসেবেই কাজ করবে বলেও জানান তিনি।




















