রাজ্য – পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গলে ঘুরতে যাওয়ার শখ অনেকেরই। বিশেষ করে ডুয়ার্সের জঙ্গল বরাবরই পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। এবার সেই ডুয়ার্সেই বন্য হাতিদের অবাধ চলাচলের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা দুটি ঐতিহ্যবাহী এলিফ্যান্ট করিডোর পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রায় দুই দশক ধরে বন্ধ থাকা করিডোর দুটি খুলে গেলে মানুষের হস্তক্ষেপ ছাড়াই হাতিরা এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করতে পারবে।
আগামী দিনে হাতিদের নিরাপদ ও অবাধ যাতায়াত নিশ্চিত করতেই ভুটান পাহাড় বরাবর রেটি-টিটি করিডোর এবং জলদাপাড়া-চিলাপট্টা-বক্সা টাইগার রিজার্ভ-নিমতি করিডোর পুনরুদ্ধার করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে, প্রায় দুই দশক আগেই কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রকের তরফে এই দুটি করিডোর খুলে দেওয়ার বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছিল।
বন দফতর সূত্রে জানা যায়, ২০০৩-০৪ সালে ডুয়ার্সের চারটি গুরুত্বপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছিল, যেগুলি বন্য হাতিরা নিয়মিত যাতায়াতের করিডোর হিসেবে ব্যবহার করে। এর মধ্যে রেটি-টিটি এবং জলদাপাড়া-চিলাপট্টা-বক্সা টাইগার রিজার্ভ-নিমতি করিডোর অনুমোদন পেলেও বাকি দুটি এখনও কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অনুমোদন পায়নি।
ধুমচি-টিলি-লঙ্কাপাড়া-বান্দাপানি করিডোর এবং গোরুমারা-খাইরকাটা-ডায়ানা করিডোর এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন বন্ধ থাকা অনুমোদিত দুটি করিডোর পুনরুদ্ধারের উদ্যোগ বাস্তবায়িত হলে ডুয়ার্সে হাতিদের স্বাভাবিক চলাচলের পথ আরও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।




















