রাজ্য – নেতাজি ইনডোর স্টেডিয়ামে বুধবার ‘অন্নপূর্ণা যোজনা’-র আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মহিলাদের সুরক্ষার প্রশ্নে কোনও ধরনের আপস করা হবে না। অভিযোগ উঠলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করছে রাজ্য সরকার।
বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আরজি কর থেকে বগটুই—এই ধরনের ঘটনা বন্ধ করতেই হবে।’ একই সঙ্গে তিনি পার্ক স্ট্রিট ও কামদুনির মতো বহুচর্চিত ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর দাবি, অতীতে যাঁরা বিচার পাননি, তাঁদের জন্য আলাদা কমিশন গঠন করা হয়েছে। পুরনো কোনও ঘটনার ক্ষেত্রেও নতুন করে অভিযোগ দায়ের করা হলে তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পদক্ষেপও নেওয়া হবে বলে জানান তিনি।
নারী নিরাপত্তা আরও জোরদার করতে বৃহস্পতিবার থেকেই রাজ্যের প্রতিটি থানায় পৃথক মহিলা হেল্প ডেস্ক চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, মহিলাদের অভিযোগ দ্রুত গ্রহণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
জরুরি পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করতে রাজ্যে চালু করা হচ্ছে ‘ডায়াল ১১২’ পরিষেবাও। মুখ্যমন্ত্রীর দাবি, উত্তরপ্রদেশ ও গুজরাটের মতো রাজ্যে পুলিশে ফোন করার কয়েক মিনিটের মধ্যেই সাড়া মেলে, কিন্তু বাংলায় সেই সময় অনেক বেশি। নতুন এই পরিষেবার মাধ্যমে পুলিশি সাড়া দেওয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনে সাধারণ মানুষের নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।




















