রাজ্য – সরকারি সফরে শুক্রবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই সাক্ষাৎকে ঘিরে কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মোদির সফর উপলক্ষে অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারকে ভারতের জাতীয় পতাকার তেরঙ্গা রঙে আলোকিত করা হয়। সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই বিশেষ আয়োজন ভারত ও নিউজিল্যান্ডের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতীক। তিনি একে এক অনন্য ও আন্তরিক স্বাগত হিসেবে উল্লেখ করেন।
নিজের সামাজিক মাধ্যমের বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনকে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রায় চার দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফরে এসেছেন, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত।
কূটনৈতিক মহলের মতে, এই সফরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং কৌশলগত সহযোগিতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা করা হচ্ছে।




















