পরিযায়ী শ্রমিক পরিবারগুলির জন্য বিশেষ উদ্যোগ, ১২৫ দিনের কর্মসংস্থানের নির্দেশ রাজ্যের

পরিযায়ী শ্রমিক পরিবারগুলির জন্য বিশেষ উদ্যোগ, ১২৫ দিনের কর্মসংস্থানের নির্দেশ রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পরিযায়ী শ্রমিক পরিবারগুলিকে গ্রামীণ কর্মসংস্থানের আওতায় আনতে বিশেষ উদ্যোগ নিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারগুলির জন্য সমস্ত জেলায় বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব পরিবারের এখনও গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড হয়নি, তাঁদের দ্রুত কার্ড দেওয়ার পাশাপাশি পরিবারের যোগ্য প্রাপ্তবয়স্ক সদস্যদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জারি করা নির্দেশিকায় এই নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত জেলার জেলাশাসক-সহ সংশ্লিষ্ট শীর্ষ আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে ১২৫ দিনের মজুরি-ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ মানুষের জীবিকা সুরক্ষা আরও শক্তিশালী করার পাশাপাশি কাজের জন্য অন্যত্র চলে যাওয়ার প্রবণতা কমানোর উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের প্রতিটি জেলাকে বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারগুলির প্রত্যেককে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। যেসব পরিবার ইতিমধ্যেই কার্ড পেয়েছে, সেগুলির তথ্যও যাচাই করতে হবে।

আর যে সমস্ত পরিবারের এখনও কার্ড দেওয়া হয়নি, সেখানে দ্রুত কার্ড তৈরির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারগুলির ১০০ শতাংশ সদস্যকে এই কর্মসংস্থান ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হল পরিযায়ী শ্রমিক পরিবারগুলিকে স্থানীয় স্তরেই কাজের সুযোগ করে দেওয়া, তাঁদের আয় ও জীবিকার নিরাপত্তা বাড়ানো এবং কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজনীয়তা কমানো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top