রাজ্য – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে এ বার বাংলায় সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে এক মাসের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন। সেই দিনকে সামনে রেখে ‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই প্রথম মোদির জন্মদিনকে কেন্দ্র করে সরকার ও সংগঠনকে একসঙ্গে ময়দানে নামানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কর্মসূচির দায়িত্বে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।
এই কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে যুব ও মহিলা জনসংযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পদযাত্রা, বাইক র্যালি, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়েও বিশেষ কর্মসূচির পরিকল্পনা রয়েছে। তীর্থযাত্রীদের সহায়তা এবং বৃক্ষরোপণের মতো সামাজিক উদ্যোগও নেওয়া হবে।
‘সেবা মে মেরা যোগদান’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সরাসরি এই অভিযানের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছে বিজেপি। ইতিমধ্যেই মণ্ডল থেকে জেলা স্তর পর্যন্ত কমিটি গঠনের কাজ শুরু হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
এর আগে রাজ্যে মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা পক্ষ’-এর মতো কর্মসূচি পালন করেছে বিজেপি। তবে এ বার এক মাসের এই অভিযানকে শুধু সামাজিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজনৈতিক জনসংযোগের ক্ষেত্রেও ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির। বিশেষ করে যুব ও মহিলা ভোটারদের মধ্যে সংগঠনের প্রভাব বাড়ানোর পাশাপাশি ‘মোদি মডেল’-এর প্রচারেও এই কর্মসূচিকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
শুধু প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপন নয়, ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রশাসনের শীর্ষে মোদির ২৫ বছর পূর্তিকেও প্রচারের অন্যতম বিষয় করা হচ্ছে। প্রশাসক হিসেবে মোদির সাফল্য, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে বিজেপির।
এর পাশাপাশি ‘সেবা সেতু’ অভিযানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনার সুবিধা থেকে এখনও বঞ্চিত যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের নাম নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। অর্থাৎ, মোদির জন্মদিনের আবেগের সঙ্গে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগকে যুক্ত করে বাংলার মানুষের কাছে আরও বেশি করে পৌঁছতে চাইছে বিজেপি।




















