ধানবাদ: পুজোর ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও হাতে যদি সময় কম থাকে, তাহলে চার-পাঁচ দিনের লম্বা সফরের প্রয়োজন নেই। একদিনের ছোট্ট ভ্রমণেই বদলে ফেলতে পারেন ডেস্টিনেশন। কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, অথচ শহরের কোলাহল থেকে দূরে পাহাড়, ঝরনা, লেক আর সবুজের আবহে সময় কাটানোর সুযোগ রয়েছে ধানবাদে। একদিনের দ্রুত ভ্রমণের জন্য তাই এই জায়গা হতে পারে একটি আকর্ষণীয় বিকল্প।
ধানবাদ পৌঁছে প্রথমেই ঘুরে নিতে পারেন ভাটিন্ডা জলপ্রপাত। বর্ষার সময়ে চারপাশের সবুজ পাহাড়, পাথুরে গা বেয়ে নেমে আসা জলধারা এবং ঝরনার শব্দ মিলিয়ে জায়গাটির সৌন্দর্য আরও বেড়ে যায়। জলপ্রপাতের কাছাকাছি পৌঁছতে পাথুরে রাস্তা দিয়ে কিছুটা হাঁটতে হয়। চারপাশের নিরিবিলি পরিবেশ আর সবুজের সমারোহ পুজোর ব্যস্ততার মাঝে মুহূর্তের জন্য শহুরে ক্লান্তি ভুলিয়ে দিতে পারে।
এর পর গাড়ি নিয়ে চলে যেতে পারেন তোপচাঁচি লেকের দিকে। ভাটিন্ডা জলপ্রপাত থেকে তোপচাঁচির দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগতে পারে প্রায় দেড় ঘণ্টা। এই যাত্রাপথের অন্যতম আকর্ষণ দামোদর নদ। নদীর উপর সেতু পার হওয়ার সময় দু’পাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে। পাশাপাশি জিটি রোডের দু’পাশে ছড়িয়ে থাকা পাহাড় ও সবুজে ঘেরা রাস্তা পুরো যাত্রাকেই করে তুলতে পারে আরও মনোরম।
অর্থাৎ হাতে যদি দীর্ঘ ছুটি না থাকে, তবুও পুজোর সময়ে প্রকৃতির কাছাকাছি গিয়ে একদিনের জন্য মনটা সতেজ করে নেওয়া সম্ভব। জলপ্রপাতের জলের শব্দ, পাহাড়ের সবুজ আর তোপচাঁচি লেকের শান্ত পরিবেশ—সব মিলিয়ে ধানবাদ হতে পারে কম সময়ে একটু অন্যরকম ঘোরাঘুরির ঠিকানা।



















