মহিলাদের বছরে ৪০ হাজার, স্বনির্ভর হতে ২ লক্ষ! পুরনো পেনশন ফেরানোর প্রতিশ্রুতি অখিলেশের

মহিলাদের বছরে ৪০ হাজার, স্বনির্ভর হতে ২ লক্ষ! পুরনো পেনশন ফেরানোর প্রতিশ্রুতি অখিলেশের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



লখনউ: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক বড় প্রতিশ্রুতি ঘোষণা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সোমবার দলের বিধায়ক ও বিধান পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, সমাজবাদী পার্টি সরকার গঠন করলে সরকারি কর্মচারীদের জন্য পুরনো পেনশন প্রকল্প বা Old Pension Scheme ফেরানো হবে। পাশাপাশি মহিলাদের বছরে ৪০ হাজার টাকা করে দেওয়ার এবং তাঁদের স্বনির্ভর করে তুলতে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি।

অখিলেশের ঘোষণায় জায়গা পেয়েছে শিক্ষাক্ষেত্রও। তাঁর দাবি, সরকার গঠন হলে আধুনিক মাদ্রাসা শিক্ষকদের বেতন পুনরায় চালু করার পাশাপাশি তাঁদের বকেয়া বেতনও মিটিয়ে দেওয়া হবে। একইসঙ্গে সংস্কৃত বিদ্যালয়ের সমস্যা সমাধান এবং শিক্ষামিত্রদের শিক্ষক হিসেবে পুনরায় মর্যাদা দেওয়ার বিষয়েও কাজ করার কথা জানান তিনি।

দলের কার্যালয়ে আয়োজিত বৈঠকে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান সমাজবাদী পার্টির সুপ্রিমো। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশে মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ সমস্যায় রয়েছেন। অখিলেশের দাবি, বিজেপি সরকারের ‘কুশাসন’ থেকে মুক্তি পেতে মানুষ পরিবর্তন চাইছেন এবং সমাজবাদী পার্টির সরকারকে ক্ষমতায় আনার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, অখিলেশ জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল সংগঠনকে আরও সক্রিয় করবে এবং বিভিন্ন শ্রেণির মানুষের সমস্যাকে নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরা হবে। তাঁর ঘোষিত পুরনো পেনশন, মহিলা সহায়তা, মাদ্রাসা শিক্ষক ও শিক্ষামিত্রদের নিয়ে প্রতিশ্রুতিগুলি ইতিমধ্যেই আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনের রাজনৈতিক আলোচনায় জায়গা করে নিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top