রাজ্য – রাজ্যের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নবান্ন। একসঙ্গে ১২৪ জন ডব্লিউবিসিএস (WBCS) আধিকারিকের দায়িত্ব ও কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (পি অ্যান্ড এআর) দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বদলিকৃত সমস্ত আধিকারিককে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে যাঁদের নতুন দায়িত্ব নিয়ে জল্পনা চলছিল, তাঁদের অনেককেই এবার বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর ও সরকারি সংস্থায় দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলের মাধ্যমে প্রশাসনিক কাজের গতি ও সমন্বয় আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব অনুযায়ী, সুমন হাওলাদারকে অনগ্রসর শ্রেণী কল্যাণ অধিকরণের স্পেশাল ডিরেক্টর করা হয়েছে। মানবিন্দ্র দাস দায়িত্ব পেয়েছেন গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের স্পেশাল সেক্রেটারি হিসেবে। পলাশ সেনগুপ্তকে বিআরএআইপিআরডি-র ডিরেক্টর এবং শাওন সেনকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের স্পেশাল সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে।
এছাড়াও কাঞ্চন চৌধুরীকে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের মেম্বার সেক্রেটারি করা হয়েছে। দিব্যেন্দু ভট্টাচার্য দায়িত্ব পেয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। দীপ্তেন্দু বেরাকে বন দফতরের স্পেশাল সেক্রেটারি এবং অংশুমান ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গ নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার (ডব্লিউবিআরইডিএ) প্রধান নির্বাহী আধিকারিক বা সিইও পদে নিয়োগ করা হয়েছে।
রাজ্য সরকারের এই ব্যাপক প্রশাসনিক রদবদলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দ্রুত কাজে যোগ দিয়ে সংশ্লিষ্ট দফতরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেওয়া হয়েছে।




















