কলকাতা – দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দেওয়ার মাঝেই নিউটাউনে এক বিজেপি নেতাকে ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতার একাংশ তাঁর দিকে ডিম ছুড়ে বিক্ষোভ দেখায়।
অভিযোগ, নিউটাউনের একটি বিলাসবহুল আবাসনে বৃদ্ধা অনিতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন ওই বিজেপি নেতা। বৃদ্ধার দাবি, প্রথমে ভাড়ার ভিত্তিতে ফ্ল্যাট নেওয়া হলেও পরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে ফ্ল্যাট ছেড়ে দিতে বলা হয়। তখন অভিযুক্ত জানান, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় কিছুটা সময় প্রয়োজন। কিন্তু পরে দীর্ঘ সময় কেটে গেলেও তিনি ফ্ল্যাট খালি করেননি বলে অভিযোগ।
বৃদ্ধার আরও দাবি, ২০১৯ সালের মার্চ মাসের পর থেকে আর কোনও ভাড়া পাননি তিনি। বর্তমানে বকেয়া ভাড়ার পরিমাণ প্রায় ১৬ লক্ষ টাকায় পৌঁছেছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর ভাড়া নেননি বলেও জানিয়েছেন। বিষয়টি আবাসনের কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ।
এরপর তিনি পুলিশের দ্বারস্থ হন। তবে অভিযোগ, সেই সময় পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি। পরে তৎকালীন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের কাছেও বিষয়টি জানানো হয়। সেখান থেকেও কোনও সমাধান না হওয়ায় ২০২০ সালে আদালতের দ্বারস্থ হন তিনি। মামলাটি এখনও বিচারাধীন। বৃদ্ধার অভিযোগ, অভিযুক্ত নিয়মিত শুনানিতে হাজিরা দিচ্ছেন না। অন্যদিকে, ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ খরচ এবং পুরসভার কর তাঁকেই বহন করতে হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বৃদ্ধা ফ্ল্যাটে গেলে অভিযুক্তের সঙ্গে তাঁর বচসা বাধে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। সেই সময় উত্তেজিত জনতার একাংশ তাঁর দিকে ডিম ছুড়ে বিক্ষোভ দেখায়। পাশাপাশি মারধরের অভিযোগও ওঠে।
উল্লেখ্য, অতীতে ফ্ল্যাট দখলের অভিযোগে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকেও পুলিশ গ্রেফতার করেছিল। সেই ঘটনাতেও জনতার বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে।




















