কলকাতা – কলকাতা মেট্রোর পিঙ্ক লাইনের সম্প্রসারণে আরও এক ধাপ এগোল বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্প। রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) এই করিডরে ১০টি এলিভেটেড মেট্রো স্টেশন এবং একটি দীর্ঘ এলিভেটেড ভায়াডাক্ট নির্মাণের জন্য ই-টেন্ডার আহ্বান করেছে। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১,৫৮৭.৩৯ কোটি টাকা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তর শহরতলির যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।
প্রকল্প অনুযায়ী, বরানগর মেট্রো স্টেশন থেকে বারাকপুরের মঙ্গল পাণ্ডে মেট্রো স্টেশন পর্যন্ত প্রায় ১২.৩ কিলোমিটার দীর্ঘ অংশে এলিভেটেড ভায়াডাক্ট এবং ১০টি নতুন এলিভেটেড মেট্রো স্টেশন নির্মাণ করা হবে। এই অংশের চেইনেজ প্রায় ৪.৬৮ কিলোমিটার থেকে ১৬.৯৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
নতুন যে ১০টি মেট্রো স্টেশন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেগুলি হল— কৃষ্ণ কলি (কামারহাটি), আচার্য প্রফুল্ল চন্দ্র (আগরপাড়া), গান্ধী আশ্রম (সোদপুর), শরৎ চন্দ্র (পানিহাটি), সুভাষ নগর (সুখচর), ঋষি বঙ্কিম (খড়দহ), ড. রাজেন্দ্র প্রসাদ (টাটা গেট), শাহ নওয়াজ খান (টিটাগড়), অনুকূল ঠাকুর (তালপুকুর) এবং মঙ্গল পাণ্ডে (বারাকপুর)।
রেল কর্তৃপক্ষের এই টেন্ডার আহ্বানের মাধ্যমে প্রকল্পের নির্মাণকাজ শুরু করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। প্রকল্পটি সম্পূর্ণ হলে বরানগর থেকে বারাকপুর পর্যন্ত দ্রুত, আধুনিক ও নির্ভরযোগ্য গণপরিবহণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।




















