কলকাতা – এক যুগ আগে খাগড়াগড় বিস্ফোরণের তদন্তের মাধ্যমে পশ্চিমবঙ্গে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কার্যক্রম শুরু হলেও, এতদিন রাজ্যে তাদের নিজস্ব কোনও থানা ছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। রাজ্য সরকারের অনুমোদনের পর পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হল এনআইএ থানা। এর ফলে রাজ্যে এনআইএ-র তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নিউটাউনের অ্যাকশন এরিয়া–৩-এ অবস্থিত এনবিসিসি ভবনের ১৬ তলায় এনআইএ থানার কার্যক্রম শুরু হয়েছে। এই থানাই হবে পশ্চিমবঙ্গে এনআইএ-র একমাত্র নির্দিষ্ট পুলিশ স্টেশন, যেখান থেকে গোটা রাজ্যে এনআইএ-র সমস্ত মামলা রুজু করা হবে এবং তদন্ত-সংক্রান্ত প্রশাসনিক কাজ পরিচালিত হবে।
২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণের পর থেকেই পশ্চিমবঙ্গে এনআইএ-র উপস্থিতি থাকলেও, পৃথক থানার অভাবে তদন্ত পরিচালনায় বিভিন্ন প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হতো। তৎকালীন সময়েও এনআইএ রাজ্যে নিজস্ব থানা স্থাপনের উদ্যোগ নিয়েছিল বলে জানা যায়। তবে নানা কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই লক্ষ্যেই কয়েক সপ্তাহ আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এনআইএ থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়। এরপর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করে নিউটাউনে আনুষ্ঠানিকভাবে চালু করা হল এই থানা।
এনআইএ থানার সূচনার ফলে সন্ত্রাসবাদ, বিস্ফোরণ, জঙ্গি কার্যকলাপ ও জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত মামলাগুলির তদন্তে গতি আসবে বলে প্রশাসনিক মহলের ধারণা।




















