বর্ষার আগে নালা-ক্যানাল পরিষ্কারে জোর, গাফিলতিতে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পলের

বর্ষার আগে নালা-ক্যানাল পরিষ্কারে জোর, গাফিলতিতে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – বর্ষা শুরুর আগেই হাওড়া শহরের সমস্ত নালা ও ক্যানাল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল। জল জমা এবং বিদ্যুৎস্পৃষ্টের মতো দুর্ঘটনা রুখতে প্রশাসনকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। একইসঙ্গে এই কাজে কোনওরকম গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

শনিবার হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে স্বচ্ছতা অভিযান এবং আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বর্ষাকালে নাগরিক সমস্যার মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। সেই কারণেই নিকাশি ব্যবস্থা সচল রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পল রাজনৈতিক প্রসঙ্গও তোলেন। তাঁর দাবি, রাজ্যজুড়ে বর্ষার আগে বিভিন্ন পুরসভায় তৃণমূলের মেয়র, পুরপ্রধান এবং কাউন্সিলরদের পদত্যাগের ঘটনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

এদিন রামকৃষ্ণপুর ঘাটে আয়োজিত যোগা কর্মসূচিতে অংশ নেন বহু মানুষ। মন্ত্রী অগ্নিমিত্রা পল নিজেও যোগাসন করেন এবং সুস্থ জীবনযাপনের জন্য যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ, বালির বিধায়ক সঞ্জয় সিং, হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া, হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা-সহ জেলা প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিক। এছাড়াও হাওড়া পুরসভার সাফাই কর্মী এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও যোগাসনে অংশগ্রহণ করেন।

স্বচ্ছতা অভিযান ও যোগা দিবসের এই কর্মসূচির মাধ্যমে নাগরিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বার্তা তুলে ধরা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top