রাজ্য – রাজ্যে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই বৃষ্টির প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা বর্তমানে পঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এছাড়া পূর্ব বিহার ও বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই শুক্রবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপ গঠনের আগেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি ও নদিয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাব বজায় থাকবে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসের প্রথম সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে বর্ষার দাপট বজায় থাকবে। ২৯ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১ ও ৪ জুলাই কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। এছাড়া ৩ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। কলকাতাতেও সপ্তাহের প্রথম ভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



















