রাজ্য – রাজ্যের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ পাঠানো হবে। নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ প্রক্রিয়ার সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্পে অনিয়মের অভিযোগের পর পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় বরাদ্দ স্থগিত হয়ে যায়। এরপর রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করে, যাতে গ্রামীণ এলাকার গৃহহীন ও উপযুক্ত উপভোক্তাদের আবাসন সহায়তা দেওয়া যায়।
প্রথম পর্যায়ে প্রায় ১১ লক্ষ উপভোক্তাকে প্রকল্পের আওতায় আনার ঘোষণা করা হলেও পরবর্তীতে আরও লক্ষাধিক পরিবারের জন্য প্রকল্প সম্প্রসারণ করা হয়। প্রথম দফায় প্রায় ১৮ লক্ষ ৫৮ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি নির্মাণের জন্য ৬০ হাজার টাকা করে পাঠানো হয়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া এবং পরবর্তীতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কারণে দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ কিছুদিন স্থগিত ছিল। এবার সেই জট কাটিয়ে দ্বিতীয় কিস্তির অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।




















