রাজ্য – রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকারের আমলে প্রথমবার দুর্গাপুজো হতে চলেছে। এবারের দুর্গাপুজোকে কেন্দ্র করে বিশেষ সরকারি কর্মসূচির সূচনা হওয়ার কথা মহালয়ার দিন, ১০ অক্টোবর। কলকাতার ইডেন গার্ডেন্সে এই বিশেষ ‘মহাযজ্ঞ’ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে বাংলার দাদা তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনও বিস্তারিত কিছু তাঁর জানা নেই। তবে সরকার এবং মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন, সেভাবেই অনুষ্ঠান হবে।
ইডেনে মহালয়ার এই বিশেষ আয়োজন নিয়ে সিএবি-র পক্ষ থেকে আলাদা করে কোনও পরিকল্পনা করা হয়েছে কি না, সেই প্রশ্নেও সৌরভের বক্তব্য, সরকারের তরফে যা বলা হবে, সেই অনুযায়ীই ব্যবস্থা করা হবে। তিনি জানান, মহালয়ার অনুষ্ঠান নিয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে এবার নিশ্চয়ই আলোচনা হবে। তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও তথ্য তাঁর কাছে নেই বলেই জানান সিএবি সভাপতি।
সোমবার মিলন মেলা প্রাঙ্গণে শহরের বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আসন্ন দুর্গাপুজো ঘিরে একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, ইডেন গার্ডেন্সে বড় আকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে মহিষাসুরমর্দিনী, ঢাকের অনুষ্ঠান এবং বাংলার বিভিন্ন লোক ও শাস্ত্রীয় সংস্কৃতির পরিবেশনা থাকবে। সন্ধ্যায় প্রথম সারির জনপ্রিয় শিল্পীদের নিয়ে প্রকাশ্য কনসার্টেরও আয়োজন করা হবে।
এই বিশেষ অনুষ্ঠান দেশ-বিদেশে সরাসরি সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। মহালয়ার অনুষ্ঠানে ঢাককে কেন্দ্র করে বিশ্বরেকর্ড গড়ার চেষ্টার কথাও জানানো হয়েছে। পাশাপাশি, মহালয়ার বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। ফলে ইডেনের এই মহালয়া অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই বাড়ছে আগ্রহ।



















