বিধাননগর পুলিশ কমিশনারেটে প্রথম সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আইনশৃঙ্খলা, সিন্ডিকেট দমন ও নিরাপত্তা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ

বিধাননগর পুলিশ কমিশনারেটে প্রথম সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আইনশৃঙ্খলা, সিন্ডিকেট দমন ও নিরাপত্তা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিধাননগর পুলিশ কমিশনারেটে গেলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কমিশনারেটে পৌঁছতেই পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার জানানো হয়। এরপর কমিশনারেটের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, ডিজি (আইন-শৃঙ্খলা) অজয় রানাডে, বিধাননগর পুলিশ কমিশনার অমিত কুমার রাঠোর-সহ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক। পুলিশ সূত্রে খবর, বৈঠকে বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বিশেষ করে নিউ টাউন-সহ কমিশনারেটের বিভিন্ন এলাকায় সিন্ডিকেট রাজের অভিযোগ, তার প্রভাব এবং সেই পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিন্ডিকেটের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

সাম্প্রতিক সময়ে নিউ টাউন এলাকায় বিভিন্ন জঙ্গি সংগঠনের সন্দেহভাজন সদস্যদের গ্রেপ্তারের ঘটনাও বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। দ্রুত বর্ধনশীল এই নগরাঞ্চলের নিরাপত্তা আরও শক্তিশালী করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহলদারি এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বৈঠকে প্রবীণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। কমিশনারেট এলাকার বহু আবাসনে একা বসবাসকারী প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি বাড়ানো, নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, সিন্ডিকেট দমন, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর পুলিশ কমিশনারেটে তাঁর এই প্রথম সফরকে প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top