রাজ্য – ভাদ্র মাস গড়িয়ে গেলেও রাজ্য থেকে বর্ষার বিদায়ের কোনও লক্ষণ নেই। এর মধ্যেই বৃহস্পতিবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। পাশাপাশি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে ফের সক্রিয় হতে চলেছে দক্ষিণবঙ্গের বর্ষা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পাঁচ জেলায় আগামী তিন দিন কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টির পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে আগামী কয়েক দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গেও একই সময়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।




















