ভারতে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল্লি পুলিশের হাতে! গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি

ভারতে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল্লি পুলিশের হাতে! গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লি – রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের ছক কষার অভিযোগে ৬ পাক মদতপুষ্ট জঙ্গিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, ধৃতরা পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভট্টির চক্রের সদস্য। এই ঘটনায় ইতিমধ্যেই দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশ জানতে পারে, রাজধানী ও সংলগ্ন এলাকায় একটি জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। তদন্তে উঠে আসে, এই চক্রের সঙ্গে পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভট্টি ও আজমল গুজ্জরের যোগ রয়েছে। অভিযোগ, ভারতে জঙ্গি হামলার পরিকল্পনার পাশাপাশি অস্ত্র ও মাদক পাচারের সঙ্গেও যুক্ত ছিল তারা।

এরপরই দিল্লি, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে একযোগে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। সেই অভিযানে ৬ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। যদিও এখনও পর্যন্ত ধৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, হামলার পরিকল্পনা কতদূর এগিয়েছিল এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত।

পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং পেট্রল বোমা। তদন্তকারীদের মতে, এগুলি বড়সড় নাশকতার উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি রাঁচিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর কার্যালয়ে হামলার ঘটনায়ও পেট্রল বোমা ব্যবহার করা হয়েছিল। তবে সেই ঘটনার সঙ্গে এই ধৃতদের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত মাসেও দিল্লি পুলিশের হাতে ৭ জন জঙ্গি ধরা পড়েছিল। তদন্তে জানা যায়, তারাও শাহজাদ ভট্টি ও আজমল গুজ্জরের চক্রের সদস্য ছিল বলে সন্দেহ করা হচ্ছে। সাম্প্রতিক এই গ্রেপ্তারির পর গোটা জঙ্গি নেটওয়ার্ক নিয়ে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top