দেশ -;ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক বোঝাই একটি নৌকাডুবির ঘটনায় ১৫ জন ভারতীয়র মৃত্যুর খবর সামনে এসেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে নিউজিল্যান্ড সফরে থাকা প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশ্বাস দিয়েছেন, ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং কনস্যুলেট সব ধরনের প্রয়োজনীয় সহায়তা করছে।
শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নৌকাডুবির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে ভারতীয় দূতাবাস ও কনস্যুলেট দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও জানান, ভারতের আধিকারিকরা ভিয়েতনামের প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজরদারি করছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাঁদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন।
সরকারি সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার ও ত্রাণকাজ চলছে। ভিয়েতনামে থাকা ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে এবং নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সমন্বয় বজায় রেখে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।




















