মধ্যমগ্রাম স্টেশনে উচ্ছেদে আপাতত স্থগিতাদেশ বহাল, রেলকে প্রশ্ন হাই কোর্টের

মধ্যমগ্রাম স্টেশনে উচ্ছেদে আপাতত স্থগিতাদেশ বহাল, রেলকে প্রশ্ন হাই কোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে বেআইনি দখলদারি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আইনি লড়াই আরও জোরালো হয়েছে। শিয়ালদহ, দমদম, যাদবপুরসহ একাধিক স্টেশনে হকার উচ্ছেদ অভিযান চালানোর পর এবার মধ্যমগ্রাম স্টেশন সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল হাই কোর্ট। রেলের উচ্ছেদ নোটিসের বিরুদ্ধে ১৩ জন আবেদনকারী আদালতের দ্বারস্থ হলে সিঙ্গল বেঞ্চ যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল, তা বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

রেল কর্তৃপক্ষ সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল। তবে শুনানির পর আদালত আপাতত আগের নির্দেশই বহাল রাখার সিদ্ধান্ত নেয়। ফলে মধ্যমগ্রাম স্টেশনে উচ্ছেদ সংক্রান্ত স্থগিতাদেশ আপাতত কার্যকর থাকবে।

শুনানির সময় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রেল কর্তৃপক্ষের কাছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, উচ্ছেদের নোটিসে কোন কোন কাঠামোকে বেআইনি বলা হয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কি না। পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত ও লাইসেন্সবিহীন দখলদারদের পৃথকভাবে চিহ্নিত করা হয়েছে কি না এবং কাঁচা ও পাকা নির্মাণের মধ্যে কোনও শ্রেণিবিভাগ করা হয়েছে কি না, সে বিষয়েও ব্যাখ্যা চান আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, নোটিসে যদি এই বিষয়গুলি স্পষ্ট না থাকে, তাহলে তার বৈধতা নিয়েই প্রশ্ন উঠতে পারে।

অন্যদিকে রেলের আইনজীবী আদালতে দাবি করেন, হকার উচ্ছেদের জন্য আলাদা নোটিস দেওয়ার প্রয়োজন নেই এবং আবেদনকারীদের মামলার গ্রহণযোগ্যতাও প্রশ্নের মুখে। তবে আদালত জানিয়ে দেয়, বিষয়টি আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। আপাতত মধ্যমগ্রাম স্টেশনের ক্ষেত্রে স্থগিতাদেশ সকলের জন্যই প্রযোজ্য থাকবে বলে স্পষ্ট করেছে ডিভিশন বেঞ্চ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top