রাজ্য – মন্দিরে পুজোর পর ফুল, বেলপাতা ও অন্যান্য অর্ঘ্য সাধারণত নর্দমা কিংবা আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়। এবার সেই চিত্র বদলাতে উত্তরবঙ্গে অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। মন্দিরের বর্জ্য পুনর্ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন মন্দির থেকে সংগ্রহ করা ব্যবহৃত ফুল ও পুজোর সামগ্রী বিশেষ প্রক্রিয়ায় কাজে লাগানো হবে। এগুলি দিয়ে সুগন্ধি ধূপকাঠি এবং নিরাপদ ও ভেষজ আবির তৈরি করা হবে। এর ফলে একদিকে যেমন মন্দিরের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে, অন্যদিকে স্থানীয় স্তরে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।
দুর্গাপুজো থেকে পাইলট প্রকল্প হিসেবে উত্তরবঙ্গের তিনটি মন্দিরে এই উদ্যোগ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কোচবিহারের মদনমোহন মন্দির, বৈকুণ্ঠপুর জঙ্গলের ভ্রমণীদেবী মন্দির এবং জল্পেশ শিব মন্দিরে প্রথম পর্যায়ে প্রকল্পটি চালু করা হবে। সাফল্য মিললে ধাপে ধাপে উত্তরবঙ্গের আরও মন্দিরকে এই প্রকল্পের আওতায় আনা হবে।
মন্দির কর্তৃপক্ষের মতে, পুজোর পর ফেলে দেওয়া ফুল ও অন্যান্য সামগ্রী দিয়ে ধূপকাঠি ও আবির তৈরি করা হলে মন্দিরেরও আর্থিক লাভ হতে পারে। পাশাপাশি স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।




















