সিআইডি অফিসার পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, পিস্তল ঠেকিয়ে মুক্তিপণ দাবি ও ডাকাতির অভিযোগ

সিআইডি অফিসার পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, পিস্তল ঠেকিয়ে মুক্তিপণ দাবি ও ডাকাতির অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – সিআইডি অফিসার পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ, অস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং মুক্তিপণ দাবি করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব কলকাতার ফুলবাগান এলাকায়। অভিযোগ, অপহরণকারীরা চলন্ত গাড়িতে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেয়ে তাঁর কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা এবং সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

ঘটনার পর আতঙ্কিত ওই ব্যবসায়ী ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় কারা জড়িত এবং কীভাবে এই অপহরণের পরিকল্পনা করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যবসায়ী উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা এবং আমদানি-রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি দুই সঙ্গীকে নিয়ে ফুলবাগানের একটি শপিং মলে একটি ব্যবসায়িক বৈঠকে এসেছিলেন। বৈঠক শেষে মল থেকে বের হতেই কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি অফিসার পরিচয় দিয়ে তল্লাশির কথা বলে তাঁকে একটি কালো রঙের স্করপিও গাড়িতে তুলে নেয়। তাঁকে উদ্ধার করতে গেলে তাঁর দুই সঙ্গীকেও মারধর করা হয় বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, চলন্ত গাড়িতে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয়। পাশাপাশি তাঁর কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা এবং প্রায় তিন লক্ষ টাকা মূল্যের সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

এরপর অপহরণকারীরা জানতে পারে যে ব্যবসায়ীর সঙ্গীরা পুলিশকে খবর দিয়েছেন। তখন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের কাছে চলন্ত গাড়ি থেকে তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার তদন্তে নেমে ফুলবাগান এলাকার শপিং মল সংলগ্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top