দিল্লী – কর্মরত শিক্ষকদের TET দেওয়া বাধ্যতামূলক—সুপ্রিম কোর্টের সেই নির্দেশ কার্যকর করতে এবার পদক্ষেপ করল রাজ্য সরকার। যেসব কর্মরত শিক্ষক এখনও TET পরীক্ষায় বসেননি, তাঁদের জন্য পরীক্ষা আয়োজন করতে স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।
শুক্রবার বিকাশ ভবন থেকে SSC-র চেয়ারম্যান এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতিকে চিঠি পাঠানো হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মরত শিক্ষকদের TET নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলা হয়েছে। ফলে রাজ্যে কর্মরত TET না দেওয়া শিক্ষকদের জন্য নতুন করে পরীক্ষার আয়োজনের প্রক্রিয়া শুরু হতে চলেছে।
শিক্ষা দফতরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার আগে যাঁরা শিক্ষকতার চাকরিতে যোগ দিয়েছিলেন এবং যাঁদের চাকরির মেয়াদ আরও পাঁচ বছরের বেশি রয়েছে, তাঁদের TET পাশ করতে হবে। এই সংক্রান্ত নির্দেশ ২০২৫ সালের ১ সেপ্টেম্বর দিয়েছিল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল, নির্ধারিত শর্তের আওতায় থাকা কর্মরত শিক্ষকরা TET পাশ না করলে তাঁদের চাকরি বহাল থাকবে না। এবার সেই নির্দেশ কার্যকর করার লক্ষ্যেই SSC এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে পরীক্ষা আয়োজনের দায়িত্ব দিল রাজ্য শিক্ষা দফতর।




















