কলকাতা: পানীয় জলের সমস্যা, আবর্জনা জমে থাকা কিংবা নিকাশি ব্যবস্থার দুরবস্থা—স্থানীয় স্তরে সাধারণ মানুষের নানা অভিযোগ দ্রুত সমাধানে এবার আরও সক্রিয় হচ্ছে নবান্ন। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানোর পরেও অনেক ক্ষেত্রে সমস্যা মিটতে দীর্ঘ সময় লাগে। সেই পরিস্থিতি বদলাতেই এবার সরাসরি মানুষের কাছে পৌঁছে অভিযোগ শুনে প্রয়োজনীয় পদক্ষেপ করার ব্যবস্থা করা হচ্ছে।
এতদিন অনলাইনের মাধ্যমে প্রশাসনের কাছে নিজেদের সমস্যার কথা জানাতে পারতেন সাধারণ মানুষ। এবার তার পাশাপাশি সরাসরি অভিযোগ জানানোর সুযোগও তৈরি করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন স্তরের সরকারি আধিকারিকদের ফিল্ড-লেভেল অফিসার হিসেবে এই দায়িত্ব দেওয়া হবে।
এই আধিকারিকদের অন্যতম প্রধান কাজ হবে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা, স্থানীয় সমস্যাগুলি চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ করা। এর ফলে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এই উদ্যোগের আওতায় প্রশাসনের একাধিক স্তরের আধিকারিককে যুক্ত করা হচ্ছে। ডিভিশনাল কমিশনার, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং বিডিও-সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থাকা আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ কর্তাদেরও এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় স্থানীয় সমস্যা নিয়ে অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষের সামনে অনলাইন ব্যবস্থার পাশাপাশি সরাসরি প্রশাসনিক আধিকারিকদের কাছে পৌঁছনোর আরও একটি পথ খুলে যাচ্ছে।




















