পূর্ব মেদিনীপুর – পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চিরঞ্জিপুর এলাকায় অবস্থিত হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার তীব্রতায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১২টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুনের জেরে বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়াও অন্তত ১৫ জন আগুনে ঝলসে গিয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



















