হেমন্তেও বৃষ্টির দাপট! ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র প্রভাবে ভিজছে দক্ষিণবঙ্গ, বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস

হেমন্তেও বৃষ্টির দাপট! ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র প্রভাবে ভিজছে দক্ষিণবঙ্গ, বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: ক্যালেন্ডারের পাতায় হেমন্তের আগমন ঘটলেও আবহাওয়ার মেজাজে তার কোনও ছাপ নেই। বরং হেমন্তের মরশুমেও বৃষ্টির দাপট অব্যাহত দক্ষিণবঙ্গে। বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কখনও ভারী, আবার কখনও মাঝারি বৃষ্টিতে ভিজেছে জনজীবন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মুরাসু’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাবেই এই বৃষ্টিপাত বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বিকেলের পর থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও রাতের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ফলে বৃহস্পতিবারও বাইরে বেরোনোর আগে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের বুধবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার বাকি সময় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে আরও এক পশলা বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস।

সকাল থেকে লাগাতার বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রাতেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে। বুধবার বিকেলে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল ৩.২ মিলিমিটার।

তবে স্বস্তির খবর, বৃহস্পতিবার বিকেলের পর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ আপাতত বৃষ্টির ভ্রুকুটি থাকলেও সপ্তাহের শেষভাগে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top