বীরভূম – বীরভূমে টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে নতুন মোড়। আগের দিনের পুলিশি অভিযানে ১৫ কেজি সোনা এবং বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের পর এবার আরও সোনা উদ্ধার হতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে। সেই সম্ভাবনা খতিয়ে দেখতেই টুলু মণ্ডলের বাড়িতে সোনা মাপার বিশেষ যন্ত্র নিয়ে পৌঁছেছেন একজন স্বর্ণকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে।
যে বাড়িতে তল্লাশি চলছে, সেখানে একসময় টুলু মণ্ডল ও তাঁর পরিবার বসবাস করতেন। বর্তমানে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ, র্যাফ এবং মহিলা পুলিশ। বাড়ির প্রতিটি অংশে বিস্তারিত তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধার হওয়া সোনা গয়না, সোনার বাট নাকি সোনার বিস্কুট—তা নিয়েও তদন্তকারীরা খোঁজখবর নিচ্ছেন।
বীরভূমের পাথর ব্যবসার অন্যতম পরিচিত মুখ এবং অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টুলু মণ্ডলের সাম্রাজ্যে বৃহস্পতিবার সকাল থেকেই একযোগে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। বুধবার তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় ২৮ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধারের পর তদন্তের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে।
পুলিশ একসঙ্গে তল্লাশি চালাচ্ছে সিউড়িতে টুলু মণ্ডলের বিলাসবহুল বাসভবন এবং তাঁর পৈতৃক গ্রাম সোঁৎশালের বাড়িতে। সোঁৎশালের চারতলা প্রাসাদোপম বাড়ির কিছু অংশে এখনও নির্মাণকাজ চলছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই বাড়িকে কেন্দ্র করে বিভিন্ন অবৈধ আর্থিক কর্মকাণ্ড পরিচালিত হত। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তাধীন।
এছাড়াও মহম্মদবাজার এলাকার একটি বড় ট্রাক ও লরি পার্কিংয়েও চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্তকারীদের মূল লক্ষ্য বিপুল নগদ অর্থ ও সোনার উৎস, সম্পত্তির প্রকৃত মালিকানা এবং সম্ভাব্য আর্থিক অনিয়মের সমস্ত তথ্য সামনে আনা। তদন্ত এখনও চলমান এবং পুলিশ জানিয়েছে, প্রয়োজন হলে আরও পদক্ষেপ করা হবে।




















