জেলার তিন কেন্দ্রে বিজেপিকে প্রধান প্রতিপক্ষ মেনে নিলেন জ্যোতিপ্রিয়

জেলার তিন কেন্দ্রে বিজেপিকে প্রধান প্রতিপক্ষ মেনে নিলেন জ্যোতিপ্রিয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,মধ্যমগ্রাম, ৯ই মার্চ : উত্তর ২৪ পরগনার জেলার পাঁচ লোকসভা আসনের মধ্যে তিনটিতে বিজেপিকে প্রধান প্রতিপক্ষ মেনে নিলেন দলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার মধ্যমগ্রামে দলের কোর কমিটির বৈঠকের পর তিনি কবুল করেছেন, ‘বারাসত, ব্যারাকপুর ও বসিরহাটে তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই হবে বিজেপির। বাকি বনগাঁ ও দমদমে লড়াই হবে সিপিএমের সঙ্গে।’

আজ মধ্যমগ্রামে তৃণমূলের জেলা কার্যালয়ে কোর কমিটির বৈঠক ছিল। জেলার পাঁচ লোকসভার মধ্যে ব্যারাকপুর, দমদম ও বারাসত লোকসভার রণকৌশল তৈরির বৈঠক ছিল। সেখানে জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক অর্জুন সিং, নির্মল ঘোষ, পরেশ দত্ত, পার্থ ভৌমিক, মুকুলপুত্র শুভ্রাংশু রায়-সহ অন্যরা উপস্থিত ছিলেন। সেখানে সংবাদমাধ্যমের সামনে জেলার তিন লোকসভা কেন্দ্রে বিজেপিকে প্রধান প্রতিপক্ষ বলে কবুল করেন। পাশাপাশি জেলায় দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বলেন, ‘পঞ্চায়েত ভোট আর লোকসভা ভোটের প্রেক্ষিত আলাদা। পঞ্চায়েতে ব্যক্তিগত ক্ষোভ থেকে অনেকে নির্দলে দাঁড়ায়। লোকসভা ভোটে সেটা হবে না। দলের সবাই একসঙ্গে লড়াই করবে।’

লোকসভা ভোটের রণকৌশল সম্পর্কে এদিন জ্যোতিপ্রিয় বলেন, ‘প্রত্যেক বুথে ২০ জনের একটি দল তৈরি করা হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি মানুষের সমস্যার কথা শুনেবন। সেই সমস্যাগুলো সমাধান করা হবে। জনসংযোগের মধ্যে দিয়েই আমরা মানুষের কাছে পৌঁছে যাব।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top