রাজ্য – চিকিৎসকের পরামর্শ বা বৈধ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির ক্ষেত্রে এবার আরও কড়া নজরদারির পথে কেন্দ্রীয় সরকার। প্রেসক্রিপশন-ভিত্তিক ওষুধের বেআইনি বিক্রি বন্ধ করা এবং বিক্রির প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে দেশের সমস্ত ওষুধের দোকান ও লাইসেন্সপ্রাপ্ত খুচরো বিক্রয়কেন্দ্রে CCTV নজরদারি বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ৮ সেপ্টেম্বরের খসড়া বিজ্ঞপ্তিতে এই প্রস্তাবের কথা জানানো হয়েছে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, চিকিৎসকের প্রেসক্রিপশনের ভিত্তিতে ওষুধ বিক্রির পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট দোকান বা লাইসেন্সপ্রাপ্ত জায়গায় CCTV ক্যামেরার নজরদারির মধ্যে করতে হবে। শুধু ক্যামেরা বসিয়েই দায়িত্ব শেষ হবে না। প্রতিটি ফার্মেসি ও লাইসেন্সপ্রাপ্ত খুচরো বিক্রেতাকে CCTV-র রেকর্ডিংও নিরাপদে সংরক্ষণ করতে হবে।
নতুন ব্যবস্থায় অন্তত ৯০ দিন বা তিন মাস পর্যন্ত CCTV ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। এর ফলে কোনও ওষুধ বৈধ প্রেসক্রিপশনের ভিত্তিতে বিক্রি হয়েছিল কি না, পরবর্তীতে তা খতিয়ে দেখার সুযোগ থাকবে সরকারি ওষুধ পরিদর্শকদের। অর্থাৎ, ওষুধ বিক্রির ক্ষেত্রে তৈরি হবে আরও স্পষ্ট ‘ট্রেসেবিলিটি’ বা বিক্রির নথি অনুসরণ করার ব্যবস্থা।
প্রেসক্রিপশন-ভিত্তিক ওষুধের বেআইনি বিক্রি রুখতেই এই প্রস্তাব বলে কেন্দ্রের খসড়ায় জানানো হয়েছে। নিয়মটি চূড়ান্ত হলে ওষুধের দোকানে প্রেসক্রিপশন অনুযায়ী বিক্রি হচ্ছে কি না, তা যাচাইয়ের পাশাপাশি প্রয়োজন হলে CCTV ফুটেজের সাহায্যে সংশ্লিষ্ট লেনদেনের তথ্যও পরীক্ষা করা যাবে।




















