বিষ্ণুপুর মেলায় জিতের অনুষ্ঠানে ভিড়ের চাপে বিশৃঙ্খলা, ভাঙচুর ও আহতের ঘটনা

বিষ্ণুপুর মেলায় জিতের অনুষ্ঠানে ভিড়ের চাপে বিশৃঙ্খলা, ভাঙচুর ও আহতের ঘটনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বাঁকুড়া – ৩৮তম বিষ্ণুপুর মেলায় টলিউড সুপারস্টার জিতের অনুষ্ঠানকে ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল। অভিনেতাকে এক ঝলক দেখার জন্য দর্শকদের ভিড় এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন মেলার উদ্যোক্তা ও নিরাপত্তারক্ষীরা। ভিড়ের চাপে একসময় দর্শকদের একাংশ সরাসরি মঞ্চের দিকে এগিয়ে যান। পরিস্থিতি বেগতিক বুঝে সময়ের আগেই অনুষ্ঠান শেষ করে মঞ্চ ছাড়েন জিত। এরপরই শুরু হয় ভাঙচুর ও তাণ্ডব। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের সামনে থাকা চেয়ার ছুড়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয়, ভাঙচুর চালানো হয় একাধিক দোকানেও। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রাঢ় বাংলার কুটির শিল্প, পর্যটন ও সংস্কৃতিকে তুলে ধরতে ২৩ ডিসেম্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরে শুরু হয়েছে জাতীয় মেলার স্বীকৃতিপ্রাপ্ত বিষ্ণুপুর মেলা। প্রথম দিন থেকেই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। তবে শনিবার রাতেই আচমকা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যদুভট্ট মঞ্চে জিৎ-সহ অন্যান্য শিল্পীদের নাচ-গানের অনুষ্ঠান চলাকালীন রাত সাড়ে আটটা নাগাদ মঞ্চে ওঠেন টলিউডের ‘বস’। তাঁর উপস্থিতির সঙ্গে সঙ্গেই ভিড় আরও বেড়ে যায় এবং নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় চাপ তৈরি হয়।
ক্রমশ ধাক্কাধাক্কি শুরু হলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও। মুহূর্তের মধ্যেই অনুষ্ঠানস্থল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ছিড়ে ফেলা হয় একাধিক ব্যানার ও ফ্লেক্স, ভাঙচুর করা হয় প্রবীণ নাগরিক ও মহিলাদের বসার জন্য নির্দিষ্ট জায়গার চেয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। কে বা কারা এই গোলমাল পাকিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর মিলেছে। যদিও মেলা উদ্যোক্তাদের দাবি, এই ঘটনার জেরে মূল অনুষ্ঠানসূচিতে কোনও বড় সমস্যা হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top