রাজ্য – ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই হাজার হাজার মানুষকে শুনানিতে ডেকে চরম ভোগান্তির মধ্যে ফেলা হচ্ছে। অভিষেকের মতে, কমিশনের উদ্দেশ্য যেন সাধারণ মানুষ ধৈর্য হারিয়ে ফিরে গেলে সেই সুযোগে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যায়।
এই পরিস্থিতি মোকাবিলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন এক ইঞ্চি জমিও ছাড়বেন না। প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে সহায়তা শিবির খোলা এবং বুথ লেভেল এজেন্টদের (BLA-2) উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
তৃণমূল নেতার স্পষ্ট বার্তা, আইনি লড়াই চালিয়েও প্রতিটি মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে। একজন ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না পড়ে, সেই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে সবরকম পদক্ষেপ নেওয়া হবে।




















