রাজ্য পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে ২২ আইপিএস অফিসারের নতুন দায়িত্ব

রাজ্য পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে ২২ আইপিএস অফিসারের নতুন দায়িত্ব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একসঙ্গে মোট ২২ জন আইপিএস অফিসারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সুপার, রেঞ্জ আইজি থেকে শুরু করে কলকাতা পুলিশের শীর্ষ স্তরেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সাম্প্রতিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে এই রদবদলকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল।
রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চন্দননগরের পুলিশ কমিশনার ও বর্ধমান রেঞ্জের আইজি অমিত পি জাভালগিকে বারাসাত রেঞ্জের আইজি পদে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিআইজি ট্র্যাফিক এবং বারাসাত রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়াকে বর্ধমান রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ করা হয়েছে।
সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙায় ঘটে যাওয়া অশান্তির ঘটনার পর মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজকে ইন্টেলিজেন্স ব্যুরোর বিশেষ সুপার পদে বদলি করা হয়েছে। প্রশাসনিক সূত্রের মতে, এই বদলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর জায়গায় আইবি-র বিশেষ সুপার ধৃতিমান সরকারকে মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একাধিক গুরুত্বপূর্ণ পদেও বদলি করা হয়েছে। সিআইডি-র বিশেষ সুপার দেবযানী দত্তকে শিয়ালদহ রেলওয়ে পুলিশের সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। বনগাঁর এসপি দীনেশ কুমারকে কলকাতা পুলিশের উত্তর বিভাগের ডেপুটি কমিশনার করা হয়েছে। একইসঙ্গে কলকাতা পুলিশের উত্তর বিভাগের ডিসি দীপক সরকারকে দক্ষিণ বিভাগের ডিসি পদে বদলি করা হয়েছে।
বারাসাতের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিয়ব্রত রায়। বর্তমান বারাসাত এসপি প্রতীক্ষা ঝারখারিয়াকে দার্জিলিং জেলার পুলিশ সুপার হিসেবে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের পূর্ব বিভাগের ডিসি আরিশ বিলালকে পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরোর বিশেষ সুপার পদে নিয়োগ করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, শুক্রবার রাজীব কুমারের অবসরের পর সিনিয়র আইপিএস পীয়ুষ পান্ডেকে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ইন-চার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মাকে পশ্চিমবঙ্গের ডিরেক্টর (সিকিউরিটি) পদে পাঠানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন দক্ষিণবঙ্গের এডিজি ও আইজি সুপ্রতিম সরকার, যিনি নতুন করে কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করেছেন।
অন্যদিকে, এসটিএফ-এর এডিজি ও আইজি বিনীত কুমার গোয়েলকে এডিজি (আইনশৃঙ্খলা) পদের পাশাপাশি দুর্নীতি দমন ব্যুরোর এডিজি-র অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এডিজি ও আইজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমকে স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি করা হয়েছে এবং একইসঙ্গে তাঁকে ইন্টেলিজেন্স ব্যুরোর এডিজি-র অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রের মতে, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতেই এই ব্যাপক রদবদল করা হয়েছে। আগামী দিনে রাজ্য পুলিশের কার্যক্রম ও প্রশাসনিক তৎপরতায় এই পরিবর্তনের গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top