রাজ্য – আজ, সোমবার থেকেই শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে লক্ষ লক্ষ পড়ুয়া। স্বাভাবিকভাবেই পরীক্ষার আগে কিছুটা চাপ ও দুশ্চিন্তা থাকাই স্বাভাবিক। যানজট, পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়া কিংবা অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে আসার মতো সমস্যাও এই সময়ে অনেকের ক্ষেত্রেই দেখা যায়।
এই সব সম্ভাব্য সমস্যা মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি সেরে ফেলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং কলকাতা পুলিশ। পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ কমাতে একাধিক হেল্পলাইন নম্বর চালু করার পাশাপাশি বিশেষ ব্যবস্থার কথাও জানানো হয়েছে।
পরীক্ষা চলাকালীন যে কোনও প্রয়োজনে পর্ষদের সেন্ট্রাল কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে। এই কন্ট্রোল রুমের জন্য চালু করা হয়েছে তিনটি নম্বর—০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। পাশাপাশি বিভিন্ন জেলার জন্য আলাদা আঞ্চলিক অফিসের নম্বরও দেওয়া হয়েছে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।
কলকাতা আঞ্চলিক অফিসের নম্বর ০৩৩ ২৩২১ ৩৮১১। বর্ধমান আঞ্চলিক অফিসে যোগাযোগ করা যাবে ০৩৪ ২২৬৬ ২৩৭৭ নম্বরে। মেদিনীপুর আঞ্চলিক অফিসের নম্বর ০৩২ ২২২৭ ৫৫২৪ এবং উত্তরবঙ্গ আঞ্চলিক অফিসের জন্য নির্ধারিত নম্বর ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭।
জরুরি পরিস্থিতিতে পরীক্ষার্থী, শিক্ষক কিংবা অভিভাবকরা সরাসরি পর্ষদের সভাপতি বা সচিবের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন। তার জন্য তিনটি বিশেষ নম্বর চালু করা হয়েছে—০৩৩ ২৩২১ ৩০৮৯, ০৩৩ ২৩২১ ৩৮১৬ এবং ০৩৩ ২৩২১ ৩২১৬।
পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পথে যানজটে আটকে পড়া বা প্রয়োজনীয় নথি বাড়িতে ফেলে আসার মতো সমস্যায় পড়লে সহায়তা করবে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বর ৯৪৩২৬১০০৩৯। পুলিশ জানিয়েছে, রাস্তায় কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও রাখা হয়েছে।
পরীক্ষার্থীদের যাতায়াত আরও মসৃণ করতে রাজ্য সরকার অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চলবে। এর ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের দুশ্চিন্তা অনেকটাই কমবে বলে আশাবাদী প্রশাসন।




















