বিহার – ফের একবার দেশে ফিরে এল বার্ড ফ্লুর আতঙ্ক। প্রতিবেশী বিহারে অন্তত ১০ হাজার কাকের মৃত্যু হয়েছে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সংক্রমণের মাত্রা বোঝার জন্য রাজ্যের বিভিন্ন এলাকায় পোল্ট্রি মুরগির শরীরে বার্ড ফ্লু (Avian Flu) রয়েছে কি না, তা পরীক্ষা শুরু করেছে বিহার প্রাণী সম্পদ বিকাশ দফতর।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ১২ জানুয়ারি বিহারের দ্বারভাঙা জেলার ভিগো এলাকায় প্রথম বিপুল সংখ্যক কাকের মৃত্যুর খবর সামনে আসে। অস্বাভাবিক এই মৃত্যুকে ঘিরে সন্দেহ দানা বাঁধতেই মৃত কাকের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ভোপালের পরীক্ষাগারে সেই নমুনা পরীক্ষার পর নিশ্চিত করা হয়, মৃত কাকগুলির শরীরে এভিয়ান ফ্লু বা বার্ড ফ্লুর উপস্থিতি রয়েছে।
বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর শুক্রবার থেকেই দ্বারভাঙা জেলায় সতর্কতা জারি করেছে বিহারের প্রাণী সম্পদ বিকাশ দফতর। শুধু দ্বারভাঙাই নয়, প্রশাসনের তরফে ভাগলপুর জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। ভাগলপুরের নবগাছিয়া এলাকায় নতুন করে কাকের মৃত্যুর খবর পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সংক্রমণ পোল্ট্রি শিল্পে ছড়িয়ে পড়ছে কি না, তা জানতে বিহারের একাধিক এলাকায় পোল্ট্রি মুরগির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেই নমুনাগুলি বার্ড ফ্লুর অস্তিত্ব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিকাশ দফতর। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি মৃত বা অসুস্থ পাখির সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।




















