দক্ষিণে নিম্নচাপ, বাড়ছে তাপমাত্রা—শীত বিদায়ের পথে বাংলা

দক্ষিণে নিম্নচাপ, বাড়ছে তাপমাত্রা—শীত বিদায়ের পথে বাংলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে শীতের আমেজ এখন অনেকটাই ফিকে। গরমের ইঙ্গিত মিলতেই নতুন আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা নিয়ে আবহবিদরা পরিস্থিতির উপর নজর রাখছেন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটি মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ক্রমে শক্তি সঞ্চয় করে এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যাবে। তবে স্বস্তির খবর, এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে আগামীকাল থেকেই শীতের আমেজ আরও কমবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে বলে জানানো হয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ—দুই তাপমাত্রাই বাড়তে পারে। জেলায় জেলায় প্রায় তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। সকালবেলা কিছু জেলায় হালকা কুয়াশা দেখা যেতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে এখনও শীতের আমেজ কিছুটা বজায় রয়েছে। উত্তুরে হাওয়ার সঙ্গে কুয়াশার দাপটও থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর-সহ একাধিক জেলায় আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
উত্তরবঙ্গেও আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে প্রায় দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন—উভয় তাপমাত্রাই ঊর্ধ্বমুখী হবে। ফেব্রুয়ারি শেষ হতেই পার্বত্য এলাকা থেকে সমতল—সর্বত্রই শীতের আমেজ প্রায় মিলিয়ে যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top