রাজ্য – শীত পুরোপুরি বিদায় নেওয়ার আগেই আচমকা বদলে গেল পশ্চিমবঙ্গের আবহাওয়া। বসন্তের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর। একাধিক পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপের প্রভাব এবং সাগর থেকে প্রবল জলীয় বাষ্প প্রবেশের জেরে উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগামী দু’দিন রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই তালিকায় রয়েছে কলকাতা-ও।
পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রার তারতম্যের কারণে সকালবেলায় স্থানীয়ভাবে হালকা কুয়াশা দেখা যেতে পারে। দুপুরের পর থেকে ধীরে ধীরে আকাশ মেঘলা হবে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢোকার ফলে বসন্তকালেই বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার রাজ্যের প্রায় ১০ থেকে ১১টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং ওড়িশা সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের আভাস মিলেছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত বা গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।
শহর কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে, বিকেলের দিকে মেঘ আরও বাড়তে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।
মেঘলা আকাশের প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ থেকে ৮০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।




















