সুপার কাপের হতাশা পেরিয়ে শক্তিশালী চেন্নাইয়িন, সতর্ক মোহনবাগান কোচ লোবেরা

সুপার কাপের হতাশা পেরিয়ে শক্তিশালী চেন্নাইয়িন, সতর্ক মোহনবাগান কোচ লোবেরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – পুরো ভারতীয় একাদশ নিয়ে খেলতে নেমে সুপার কাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছিল চেন্নাইয়িন এফসি। একদা আইএসএল চ্যাম্পিয়নদের এমন পারফরম্যান্স দেখে সমর্থকদের খারাপ লাগাই স্বাভাবিক। তখন আইএসএল আদৌ হবে কি না, তা নিয়েও ছিল অনিশ্চয়তা। ফলে স্থানীয় ফুটবলারদের নিয়ে কোনওমতে প্রস্তুতি সেরে সুপার কাপে অংশ নিতে হয়েছিল কোচ ক্লিফোর্ড মিরান্ডা-কে।
তবে সোমবার যুবভারতীতে নতুন ফর্ম্যাটের আইএসএলে যে চেন্নাইয়িনের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট, সেই দল সুপার কাপের চেন্নাই নয়। প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আত্মঘাতী গোল করে হারলেও, বর্তমান চেন্নাই যথেষ্ট শক্তিশালী বলেই মনে করছেন বাগান কোচ সের্জিও লোবেরা। যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে লোবেরা বলেন, মরশুমের শুরুতে মনে হয়েছিল দলগুলো হয়তো সেভাবে স্কোয়াড গড়বে না, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকেই ভাল বিদেশি ফুটবলার নিয়ে শক্তিশালী দল তৈরি করেছে। ফলে এই ম্যাচ সহজ হবে না বলেই সতর্কবার্তা তাঁর।
এবারের আইএসএলে শুরু থেকেই লাল-হলুদের ঝড় বইছে। ইস্টবেঙ্গল এফসি দু’ম্যাচে সাত গোল করে লিগ টেবিলে আলোড়ন ফেলেছে। অন্যদিকে মোহনবাগান প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি-কে হারালেও পারফরম্যান্সে কিছু খামতি চোখে পড়েছে সমর্থকদের। তবে বাইরের চাপে কান দিতে নারাজ লোবেরা। তাঁর মতে, আগে নিজেদের খেলায় উন্নতি আনতে হবে। কেরালা একভাবে খেলেছে, চেন্নাই অন্য সিস্টেমে খেলবে— প্রতিপক্ষ যেই হোক, নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করাই মূল চাবিকাঠি।
অনেকে বলছেন, পুরো দল নিয়ে দীর্ঘদিন প্রস্তুতির সুযোগ পেয়েছে মোহনবাগান, যা অন্য দলগুলির ছিল না। তবে লোবেরা এই যুক্তিকে অজুহাত হিসেবে দেখছেন। তাঁর কথায়, এই পর্যায়ে অজুহাতের কোনও জায়গা নেই। চেন্নাইয়ের দলে অভিজ্ঞ বিদেশি যেমন আছে, তেমনই মানসম্মত ভারতীয় ফুটবলারও রয়েছে। ফলে ম্যাচ জয়ের পাশাপাশি পারফরম্যান্সের ধারাবাহিক উন্নতিতেই নজর রাখতে চান তিনি।
দলের গভীরতা নিয়েও সন্তুষ্ট লোবেরা। তাঁর মতে, দলে ২২ জনেরও বেশি ফুটবলার রয়েছেন, যারা প্রথম একাদশে নামার যোগ্য। ফলে প্রথম একাদশ বেছে নেওয়া যেমন চ্যালেঞ্জ, তেমনই আনন্দেরও। শেষ ১৫-২০ মিনিটে নেমে আসা ফুটবলাররাও ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, ম্যাচ সংখ্যা তুলনামূলক কম এবং প্রতিযোগিতা কঠিন। তাই প্রতিটি ম্যাচই এখন ফাইনালের মতো গুরুত্ব বহন করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top