দিল্লির পর বাংলার আদালতেও বোমা হুমকি, একাধিক কোর্ট চত্বরে তল্লাশি

দিল্লির পর বাংলার আদালতেও বোমা হুমকি, একাধিক কোর্ট চত্বরে তল্লাশি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – সম্প্রতি দিল্লিতে একাধিক আদালতে বিস্ফোরণের হুমকিকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল। পরে জানা যায়, সেগুলি ছিল ভুয়ো হুমকি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দিল্লির কায়দায় রাজ্যের বিভিন্ন আদালতে হুমকি ইমেল এসে চাঞ্চল্য ছড়াল। কলকাতার Bankshall Court-সহ চুঁচুড়া, দুর্গাপুর, আসানসোল, বহরমপুর ও কাঁথি আদালত চত্বরে একই ধরনের হুমকি ইমেল পৌঁছেছে বলে খবর।
ঘটনা জানাজানি হতেই সংশ্লিষ্ট আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়। পুলিশ, বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ মোতায়েন করে শুরু হয় তল্লাশি অভিযান। আদালত প্রাঙ্গণের প্রতিটি অংশ খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই হুমকি ইমেল পাঠিয়েছে, তার নেপথ্যে নিছক মজা নাকি বড় কোনও নাশকতার ছক রয়েছে—তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
অতি সম্প্রতি দিল্লির বিভিন্ন আদালত চত্বরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে চরম আতঙ্ক তৈরি হয়েছিল। জঙ্গিদের নিশানায় কি রাজধানীর বিচারব্যবস্থা—এমন প্রশ্নও উঠেছিল। যদিও তল্লাশিতে কোনও বিস্ফোরক মেলেনি এবং প্রাথমিকভাবে ‘ভুয়ো হুমকি’ বলেই মনে করা হয়েছিল। এবার সেই ঘটনার আবহেই বাংলার একাধিক আদালতে একই ধরনের বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, প্রথমে ব্যাঙ্কশাল কোর্টে হুমকি ইমেল আসে। ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গেই আদালত চত্বর খালি করে দেওয়া হয় এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জানা যায়, রাজ্যের আরও কয়েকটি আদালতেও একই ভাষায় হুমকি ইমেল পাঠানো হয়েছে। প্রতিটি ইমেলেই দাবি করা হয়েছে, আদালতের নির্দিষ্ট জায়গায় বোমা রাখা রয়েছে।
ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে আইনজীবী, আদালতকর্মী ও বিচারপ্রার্থীদের মধ্যে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করতে সাইবার শাখাকেও তদন্তে যুক্ত করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top